তিস্তা নিউজ ডেস্ক
জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে এবং মূল্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিরোধ এবং জ্বালানি বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দফতরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের সুবিধার্থে ইউনিট সদর থেকে দূরবর্তী এলাকাগুলোতে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে সদস্যরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।
গত ২৫ মার্চ সকাল থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। এর মধ্যে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো রয়েছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে নিয়মিত তদারকি করছেন এবং প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এছাড়া ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখছে এবং জনমনে আস্থা বাড়াচ্ছে।
অন্যদিকে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। নৌ টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, যানবাহনে তল্লাশি এবং সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আইসিপি ও এলসিপিগুলোতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আমদানি-রফতানিতে ব্যবহৃত ট্রাক-লরিতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
Leave a Reply