তিস্তা নিউজ ডেস্ক
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকরভাবে মনিটরিং ও সমন্বয়ের আওতায় আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হবে।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে শুক্রবার অনুষ্ঠিত এক অনলাইন সভায়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা বাধ্যতামূলক করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। আর এই দুই মেট্রোপলিটন এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রভুক্ত প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিদিনের কার্যক্রমের ওপর ভিত্তি করে নিয়মিত দৈনিক প্রতিবেদন জমা দিতে হবে।
এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সেই সংক্রান্ত তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply