জেলা প্রতিনিধি,
নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঠকাঠি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ড্রামট্রাকের নিচে চাপা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে একটি ড্রামট্রাক মহাদেবপুর উপজেলা সদর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলাচলরত একটি ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ভোর পাঁচটার দিকে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ফলে এ দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস জানান, নিহতরা সবাই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ছিলেন। হাসপাতালে আনার আগেই বা আনার কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিহতরা হলেন—এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)। একই দুর্ঘটনায় রমেসের ছেলে সামন্ত আহত হয়েছেন।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকেই ড্রামট্রাকের চালক পলাতক রয়েছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের বাড়িতে শোকের মাতম শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের সময় ভারী যানবাহনের বেপরোয়া গতির কারণেই প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply