তিস্তা নিউজ ডেস্ক
চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে মঙ্গলবার (৫ মে) বেইজিং সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চীন সফর, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম Global Times জানায়, ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবেই এই সফরের আয়োজন করা হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওয়াং ই-এর আমন্ত্রণে ৫ থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। ওয়াং ই বর্তমানে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)-এর পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর আওতায় চলমান প্রকল্প, নতুন বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে, ২০ এপ্রিল চীন সফর করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, সম্প্রতি সিপিসির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে, যা দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত দেয়।
ধারাবাহিক এসব সফরের মাধ্যমে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা নতুন গতি পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply