তিস্তা নিউজ ডেস্ক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রাষ্ট্রদূত। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আরও জানান, ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম, জরুরি রেসকিউ সেন্টার স্থাপন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তার মতে, ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও কার্যকর ও সম্প্রসারিত হবে।
সাক্ষাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও মানবিক খাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনজনিত নতুন ধরনের দুর্যোগ মোকাবিলায় যৌথ গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
সাক্ষাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply