জলঢাকায় অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Reporter Name
Update Time :
সোমবার, ১৫ জুন, ২০২৬
২২
Time View
মোনাব্বেরুল হক মনা জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের লোগো ও শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে একটি বিভ্রান্তিকর পোস্টার ছড়িয়ে দেওয়া হয়। ওই পোস্টারে ছাত্রশিবিরের নাম জড়িয়ে গুম ও অপহরণ সংক্রান্ত ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে তারা দাবি করেন।
এর প্রতিবাদে জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মোমতাজুল ইসলাম মিঠু, আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল; হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল; সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল; তিতাস, আহ্বায়ক, জলঢাকা পৌর ছাত্রদল; নাছির উদ্দিন নাছির, সভাপতি, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল; এবং শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল।
বক্তারা বলেন, ছাত্রদলের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না। যারা এ ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে তারা রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান হারাবে বলে তারা মন্তব্য করেন।
নেতারা আরও বলেন, ছাত্রদল সবসময় শিক্ষা, ঐক্য ও প্রগতির রাজনীতিতে বিশ্বাসী এবং একটি ইতিবাচক ছাত্ররাজনীতি গড়ে তুলতে কাজ করে যাবে। একই সঙ্গে ভবিষ্যতেও যেকোনো অপপ্রচারের জবাব রাজপথেই দেওয়া হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply