নীলফামারী প্রতিনিধি:
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নীলফামারী জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত জেলা নির্বাহী কমিটির (জেনিক) শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত ১৮ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয় এবং দায়িত্বভার হস্তান্তরের মধ্য দিয়ে অভিষেক সম্পন্ন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রকৌশলী আব্দুল মান্নান বসুনিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রকৌশলী মো. আখতারুজ্জামান বাদল। অন্যান্য সদস্যরাও শপথ গ্রহণের মাধ্যমে তাদের দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল লতিফ। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং প্রযুক্তিগত অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং উদ্ভাবনী চিন্তাধারা আরও জোরদার করতে হবে। জনকল্যাণমূলক কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ জাতীয় উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
বিশেষ অতিথি ও বক্তারা বলেন, আইডিইবি শুধু একটি পেশাজীবী সংগঠন নয়; এটি প্রকৌশলীদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংগঠনের ঐক্য ও কার্যকর নেতৃত্বই ভবিষ্যৎ উন্নয়নের পথ সুগম করবে।
অনুষ্ঠানে আইডিইবির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও জনমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply