মোঃমোনাব্বেরুল হক, জলঢাকা (নীলফামারী):
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
সভায় ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি দেশের উন্নয়ন ও নারী শিক্ষার পথে বড় অন্তরায়। এ সমস্যা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। নিয়মিত সেমিনার, আলোচনা সভা, ক্যাম্পেইন ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা গেলে বাল্যবিবাহ অনেকাংশে হ্রাস করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সমাজের সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
সভায় বক্তব্য দেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম। তিনি বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই ব্যাধি দূর করতে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, বিবাহ নিবন্ধক, জন্মনিবন্ধন সংশ্লিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি এবং স্থানীয় সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যদি আইন মেনে দায়িত্বশীল আচরণ করেন, তাহলে বাল্যবিবাহ প্রতিরোধ অনেক সহজ হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বাল্যবিবাহ রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply