1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৭ Time View

তিস্তা নিউজ ডেস্ক

মৌলভীবাজারে আগামীকাল বুধবার (১৭ জুন) একদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। সফরকে সফল করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারগুলোকে বিভিন্ন সরকারি সহায়তা এক প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সফরসূচি অনুসারে, প্রধানমন্ত্রী প্রথমে শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে মৌলভীবাজার সদরে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কর্মসূচির অগ্রগতি সম্পর্কে অবহিত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জেলার বিখ্যাত দুসাই রিসোর্টে আয়োজিত বিএনপির এক বিশেষ রাজনৈতিক সভায় যোগ দেবেন। সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সভা থেকে তিনি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সফরস্থল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা, প্রটোকল এবং অনুষ্ঠান ব্যবস্থাপনার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে স্বাগত ব্যানার, ফেস্টুন ও তোরণ।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আবহ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের সাংগঠনিক ও আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা বিপুল জনসমাগমের প্রত্যাশা করছি।”

দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মৌলভীবাজারে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন মাত্রার কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন এবং রাজনৈতিক সভা—দুই আয়োজনই জেলার মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। ফলে বুধবারের সফরটি মৌলভীবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV