নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে ঢাকার উঁচু ভবনগুলো দুলতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। অফিস ও বাসা-বাড়ি থেকে অনেকেই নিরাপদে বেরিয়ে আসেন রাস্তায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মতে, এর মাত্রা ছিল ৫.৫ এবং গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। একই সময় অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমে ঢাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প শনাক্ত হয়।
ঢাকা শহরের বিভিন্ন এলাকা—মৌচাক, মোহাম্মদপুর, তেজকুনিপাড়া, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ীসহ প্রায় সব স্থানেই হঠাৎ দুলুনি অনুভূত হয়। অনেকের বাসা ও অফিসে দরজা-জানালা, ফ্যান, আলমারি, বুকশেলফ দুলে ওঠে, আর কেউ কেউ ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার কথাও জানান। ভূমিকম্পের কারণে কিছু সময়ের জন্য থমকে যায় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম, এমনকি সংবাদ উপস্থাপিকা ভূমিকম্পের মধ্যে দায়িত্ব পালন চালিয়ে যান, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ঢাকার বাইরে চাঁদপুর, নীলফামারি, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজারসহ অন্যান্য জেলাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ভারতের কলকাতাতেও হালকা কম্পন অনুভূত হয়, যার ফলে ফ্যান এবং ঝোলানো বস্তু দুলে ওঠে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার খুব কাছাকাছি (প্রায় ১৩ কিলোমিটার দূরে) হওয়ায় এবং কম গভীরতায় এটি বেশি অনুভূত হয়েছে। বিশেষত, ঢাকা শহর ঘনবসতিপূর্ণ, অবকাঠামো দুর্বল এবং অনেক ভবন অপরিকল্পিতভাবে নির্মিত, যা যে কোনো মাঝারি ভূমিকম্পকে বড় ধরনের ক্ষতির কারণ করতে পারে। আন্তর্জাতিক সিসমিক মানচিত্র অনুযায়ী ঢাকা সিজমিক জোন-২, অর্থাৎ মাঝারি ঝুঁকির এলাকায় অবস্থান করছে, যা আরও উদ্বেগের সৃষ্টি করে।
Leave a Reply