নিজস্ব প্রতিনিধি,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের কঠোর নজরদারিতে তার শারীরিক পরিস্থিতির বিশেষ মূল্যায়ন চলছে। আগে পরিকল্পনা ছিল—সব ঠিক থাকলে তিনি শুক্রবার সকালেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে শেষ মুহূর্তে পরিবর্তন আসে সেই সিদ্ধান্তে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের আমিরের ব্যবস্থাপনায় যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা ছিল, কারিগরি ত্রুটির কারণে তা শুক্রবার আসতে পারেনি। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান—সব ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী বিবেচনা করলে রোববার লন্ডনের উদ্দেশ্যে তাকে নেওয়া হতে পারে। এর আগে বৃহস্পতিবারই দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল—শুক্রবার সকালে লন্ডন যাত্রা শুরু করতে পারেন খালেদা জিয়া। সেই অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, যিনি শুক্রবার সকালে দেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশ যাত্রা আপাতত পিছিয়ে গেল। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালের CCU-তেই চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
Leave a Reply