নিজস্ব প্রতিনিধি ,
দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাবনার ঈশ্বরদীতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লালনশাহ সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদী থানার ডিএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কায়েজউদ্দিন। মোজাহারুল হোসেন রংপুরের পীরগাছা উপজেলার এবং কায়েজউদ্দিন রাজশাহীর থানা উপজেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে লালনশাহ সেতুর টোল প্লাজার কাছে টার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির কাভার ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওয়াদ হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনা কবলিত কাভার ভ্যানটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার সরকার জানান, নিহত পুলিশ সদস্যদের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দুর্ঘটনায় পুলিশ বিভাগসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply