নিজস্ব প্রতিনিধি,
মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা অর্জনকে অগ্রাধিকার দিয়ে সংশোধিত বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেট পর্যালোচনা উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাজেট প্রণয়নের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিদেশি ঋণ পরিহার করে দেশীয় অর্থায়নে আরও বেশি প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা। এতে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা আরও জোরদার হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেস সচিব জানান, শিক্ষা খাত—বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন অধ্যাপক ইউনূস। অতীতে শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণে জোর দেওয়া হলেও শিক্ষার গুণগত মান দ্রুত অবনতি ঘটেছে, বিশেষ করে আগের কর্তৃত্ববাদী সময়কালে। এ প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
গ্রামীণ উন্নয়নের বিষয়টিও বৈঠকে বিশেষভাবে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চলতি বছরে কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছেন, তাই তাদের জীবনমান উন্নয়নে বাজেটে আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
যুবসমাজকে ‘যুবসম্পদের খনি’ হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বাজেটের অগ্রাধিকার নির্ধারণে তরুণদের চাহিদা ও সম্ভাবনাকে প্রতিফলিত করতে হবে। একই সঙ্গে নারী ক্ষমতায়ন খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, নারীদের সার্বিক উন্নয়ন জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
এছাড়া শিল্পপণ্যসহ স্থানীয় উৎপাদন বৃদ্ধি করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্বাস্থ্যখাতে বাজেট সম্প্রসারণের ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা।
Leave a Reply