নিজস্ব প্রতিনিধি,
দেশের বাজারে টানা সপ্তমবারের মতো স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড গড়েছে। সর্বশেষ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৫৭৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়। নতুন এই দর রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
একই সঙ্গে দেশের বাজারে রুপার দামও বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম ছয় হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি পাঁচ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম চার হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে তিন হাজার ৭৩২ টাকায়।
Leave a Reply