নিজস্ব প্রতিনিধি,
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা কিছু এলাকায় মানুষের দৈনন্দিন জীবনকে এখনও বিপর্যস্ত করতে পারে। বিশেষ করে বিমান, নৌ ও সড়ক যোগাযোগে কুয়াশার কারণে সাময়িক ব্যাঘাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
ঘন কুয়াশার কারণে রোববার সন্ধ্যা থেকে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। দেশের অন্যান্য অঞ্চলেও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে, সেগুলোকেও চলাচল করতে হবে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’-এর মোতাবেক।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মুহম্মদ মোবারক হোসেন জানান, বুড়িগঙ্গা নদীতেও কুয়াশার কারণে দৃষ্টিসীমা সীমিত। বড় নদীগুলোতে কুয়াশার তীব্রতা আরও বেশি। তাই লঞ্চ চালানো ঝুঁকিপূর্ণ। বিকাল সাড়ে ৫টার পর লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে এবং কুয়াশা না কাটা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
Leave a Reply