নিজস্ব প্রতিনিধি,
রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। এই অধ্যাদেশের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের আশপাশে সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অধ্যাদেশটি ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে প্রণয়ন করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান বা শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বা সিগারেট বিক্রি করতে পারবেন না বা করাতে পারবেন না। এছাড়া সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানা বাড়ানোর ক্ষমতা রাখবে।
যদি কেউ এ বিধান লঙ্ঘন করে, তবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। অপরাধটি দ্বিতীয়বার বা পরবর্তীবার সংঘটিত হলে শাস্তি দ্বিগুণ হারে আরোপ করা হবে। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা এবং তামাকবিরোধী নীতির কার্যকারিতা বাড়ানো। সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে জনসাধারণ, বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়া হবে।
Leave a Reply