নিজস্ব প্রতিনিধি,
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি আরও জানান, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের আবেদন আইনি ভিত্তিতে সমাধান করা হবে। কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। তিনি আশ্বস্ত করেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত দেওয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে এসে মনোনয়ন ফিরে পেতে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে আবেদন জমা দিচ্ছেন। শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
Leave a Reply