নিজস্ব প্রতিনিধি,
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এই সংবেদনশীল সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনী অতীতের মতো এবারও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ করেন।
ড. ইউনূস বলেন, দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত জনগণ এবারের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশের দায়িত্ব গ্রহণের আকাঙ্ক্ষা প্রকাশ করবে। তরুণ ও প্রথমবার ভোটারদের অংশগ্রহণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, “ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের ঐতিহাসিক দায়িত্ব।”
তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতার নির্দেশ দেন এবং সশস্ত্র বাহিনীকে স্পষ্টভাবে বলেন, মাঠপর্যায়ের সব সিদ্ধান্ত আইনসম্মত, সংযত ও দায়িত্বশীল হতে হবে। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, সক্ষম ও জনমুখী বাহিনী ভোটের পরিবেশকে নিরাপদ ও উৎসবমুখর রাখতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা রাখবে।
ড. ইউনূস আরও বলেন, সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধি ও আধুনিকীকরণের জন্য ইতোমধ্যেই নেদারল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইতালি, জাপান ও থাইল্যান্ডসহ কয়েকটি দেশের সঙ্গে অনুরূপ সমঝোতার প্রক্রিয়াও চলমান রয়েছে।
সভাস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা অভ্যর্থনা জানান। মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply