তিস্তা নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শনিবার (৩১ জানুয়ারি) থেকে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটাররা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যকে সামনে রেখেই এই বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে থাকবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, উপজেলা ও এলাকার ঝুঁকির মাত্রা বিবেচনায় প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন-পূর্ব সময়, ভোটগ্রহণের দিন এবং ভোট-পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়ক, সংবেদনশীল এলাকা ও সীমান্ত অঞ্চলে টহল ও নজরদারি জোরদার করবে। অবৈধ অনুপ্রবেশ, সহিংসতা, বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বাহিনীটি।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য বিজিবির র্যাপিড অ্যাকশন টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে, যাতে প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়। নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির এই সুসমন্বিত ও কড়া নিরাপত্তা ব্যবস্থার ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।
Leave a Reply