তিস্তা নিউজ ডেস্ক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীকসংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রোববার ঢাকা থেকে দেশের ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৮টি জেলায় ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট জেলার সব সংসদীয় আসনের ব্যালট পেপার মুদ্রণ সম্পন্ন হওয়ার পরই সেগুলো ধাপে ধাপে পাঠানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন আগাম প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ আরও একটি জেলায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। এসব জেলায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ব্যালট পেপার গ্রহণ করে তা নির্ধারিত নিরাপদ স্থানে সংরক্ষণ করছেন।
এছাড়া সোমবার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে বাকি জেলাগুলোতেও ব্যালট পেপার পাঠানো হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা থেকে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কঠোর নিরাপত্তার মধ্যে পাঠানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বিশেষ পরিবহনের মাধ্যমে এসব সামগ্রী সংশ্লিষ্ট জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। সেখানে সেগুলো সার্বক্ষণিক নজরদারির মধ্যে সংরক্ষণ করা হবে। ভোটগ্রহণের আগের দিন ব্যালট পেপার ও অন্যান্য সামগ্রী কেন্দ্রভিত্তিকভাবে পাঠানো হবে।
ইসি সূত্র আরও জানায়, এবার দেশের ৬৪ জেলার ৩০০টি সংসদীয় আসনে মোট ২০১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যালট পেপার ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রাজনৈতিক দল ও প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার চালাতে পারবেন। কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
Leave a Reply