তিস্তা নিউজ ডেস্ক:
এখন চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনকে আরও নিখুঁত করা—প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বরাতে এমন মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত গৃহীত প্রস্তুতি ও পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মনে করেন—সারা দেশে উৎসাহ-উদ্দীপনা, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা বলেছেন, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোথাও কোনো অভদ্র আচরণও দেখা যাচ্ছে না। তিনি এ ধরনের সুষ্ঠু প্রচারণাকে ভবিষ্যতের গণতান্ত্রিক চর্চার জন্য আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন হবে উৎসবমুখর ও নিরাপদ, যেখানে নারীসহ মানুষ পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, “এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, আমরা খুবই খুশি। তবে আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনকে আরও নিখুঁত করা।” তিনি আরও জানান, আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রধান উপদেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়া ও খাগড়াছড়ির মাটিরাঙ্গার মতো দুর্গম এলাকার কেন্দ্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই ব্যবস্থার কার্যকারিতা যাচাই করেছেন।
এছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে বলেও জানান তিনি। এই অ্যাপটি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন। কোনো ভোটকেন্দ্রে বা তার আশপাশে বিশৃঙ্খলা দেখা দিলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী, রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য পৌঁছে যাবে। প্রেস সচিব বলেন, দুর্গাপূজার সময় ৩২ হাজার মণ্ডপে ব্যবহৃত এই অ্যাপ কার্যকর প্রমাণিত হয়েছিল।
তিনি আরও জানান, নির্বাচনে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে নির্বাচনকে সুষ্ঠু, নিরাপদ ও স্মরণীয় করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানান প্রেস সচিব।
Leave a Reply