তিস্তা নিউজ ডেস্ক
নৈতিক শিক্ষার অবক্ষয় রোধ এবং শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে সারাদেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা জোরদার করার লক্ষ্যে ধর্মীয় শিক্ষার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই সারাদেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রাখা হয়েছে। তিনি আরও জানান, শুধু ইসলাম ধর্ম নয়—হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে, যাতে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ ধর্মীয় শিক্ষা যথাযথভাবে গ্রহণ করতে পারে।
এ সময় তিনি বলেন, দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা এসব প্রতিষ্ঠানের পাঠ্যক্রম, পরিচালনা পদ্ধতি ও মান নিয়ন্ত্রণের বিষয়গুলো পর্যালোচনা করছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয়তা, অবকাঠামো ও শিক্ষার মান বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি বিদ্যমান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন আহ্বান করবে। একই সঙ্গে পূর্বে জমা দেওয়া আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে রোববার সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে তা মুলতবি করে রোববার পুনরায় শুরু করা হয়। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন বসবে বলে সিদ্ধান্ত হয়েছে।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply