ঈদযাত্রা সামনে রেখে গণপরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, যাত্রীচাপ সামাল দিতে আগে চালু থাকা জ্বালানি রেশনিং পদ্ধতি প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে পর্যাপ্ত তেল সরবরাহ অব্যাহত রয়েছে, যাতে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে গলাচিপা এলাকায় রাবনাবাদ নদীর ওপর নির্মাণাধীন ‘রাবনাবাদ সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী উল্লেখ করেন, জ্বালানি সংকট কেবল বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। অনেক উন্নত দেশও এই সংকটের প্রভাব গভীরভাবে অনুভব করছে।
সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন খাতে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে এবং জনগণের চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
রাবনাবাদ সেতুর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য দ্রুত ও সহজে পরিবহন করা যাবে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং জেলা ও রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সহজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল হক নুর, যিনি বলেন, এ সেতু স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
সরকারের মতে, রাবনাবাদ সেতু বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply