1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ হজযাত্রীদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

তিস্তা নিউজ ডেস্ক

পবিত্র হজ পালনের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে গত ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরুর প্রথম তিন দিনে মোট ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত ৩২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছান।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে।

এয়ারলাইন্সভিত্তিক তথ্যে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৬৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজযাত্রীরা জানান, এবারের ব্যবস্থাপনায় আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে। ভিসা প্রসেসিং দ্রুত সম্পন্ন হচ্ছে এবং হজক্যাম্পে লাগেজ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবীরা সহায়তা করছেন। আধুনিক স্ক্যানিং ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে লাগেজ র‍্যাপিং সুবিধা চালু থাকায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এবারের হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ধর্ম মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে। হজক্যাম্পে বিভিন্ন সমস্যা সমাধানে সরাসরি তদারকি করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সৌদি আরবে পৌঁছানোর পর আইটি হেল্পডেস্ক ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনেই তারা প্রায় ২৭৫টি সেবা প্রদান করেছে। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর বড় ধরনের চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়নি।

এদিকে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী বছর হজযাত্রা আরও সাশ্রয়ী ও নিরাপদ হবে। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। খাবারের মান নিয়ে কিছু অভিযোগের পর তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া সৌদি যাত্রা চলবে ২১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং চলবে ৩০ জুন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV