জেলা প্রতিনিধি
দেশের কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তিনি জানিয়েছেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং সার্বিক উৎপাদন পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
তিনি আরও বলেন, “দেশের কোথাও লোডশেডিং নেই। তবে কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক সমস্যা হতে পারে। অতীতে কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করা হয়েছিল। যারা ডিজেল চুরি বা এসব অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত টানা এক সপ্তাহ দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং হয়নি। সংশ্লিষ্টরা এটিকে বিদ্যুৎ খাতে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, “বর্তমানে চাহিদা পূরণের মতো উৎপাদন সক্ষমতা রয়েছে। আগে কিছু ছোট বিদ্যুৎকেন্দ্রে সমস্যার কারণে উৎপাদনে ঘাটতি দেখা দিলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতেও শূন্য লোডশেডিং বজায় রাখার চেষ্টা চলছে।”
বিশেষজ্ঞদের মতে, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলেও বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্থানভেদে সাময়িক বিভ্রাট পুরোপুরি এড়ানো কঠিন। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রিড অবকাঠামোর আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণে আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।
Leave a Reply