গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীন, স্বচ্ছ ও শক্তিশালী কাঠামোর মধ্যে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আধুনিক বিশ্বে তথ্যপ্রবাহ ও জবাবদিহিতার বাইরে কোনো রাষ্ট্রের টিকে থাকা সম্ভব নয়, তাই একটি স্বাধীন ও সর্বসম্মত গণমাধ্যম কমিশন গঠন এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
মন্ত্রী বলেন, “সরকার গণমাধ্যমকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে চায় না। বরং এটিকে একটি স্বচ্ছ, শক্তিশালী ও টেকসই কাঠামোর মধ্যে আনতে চায়, যেখানে সবাই অংশীদার হিসেবে কাজ করবে।” তিনি আরও বলেন, সরকার এই খাতে নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন নয়, বরং সহায়ক বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে চায়।
তিনি উল্লেখ করেন, গণমাধ্যম শিল্পকে আরও গতিশীল করতে কমিশন গঠনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে যেভাবে স্বাধীন কমিশনের মাধ্যমে গণমাধ্যম পরিচালিত হয়, বাংলাদেশও সেই মডেলের দিকে এগোচ্ছে বলে জানান তিনি।
গণমাধ্যমের বর্তমান পরিসংখ্যানগত দুর্বলতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে পত্রিকার সার্কুলেশন বা টেলিভিশনের দর্শকসংখ্যা নিয়ে নির্ভরযোগ্য জাতীয় ডাটা নেই, যা সঠিক নীতিনির্ধারণে বড় বাধা। এ সমস্যা সমাধানে সরকার তিন ধাপে কাজ করছে—যৌথ গবেষণা, ডিজিটাল ডাটা সংগ্রহ এবং সেই তথ্যের ভিত্তিতে নতুন নীতিমালা প্রণয়ন।
তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিজ্ঞাপন বণ্টন, বাজার বিশ্লেষণ এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির কারণে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা বড় ঝুঁকিতে পড়ছে। বৈশ্বিক পর্যায়ে সমন্বিত নীতিমালা না থাকলে ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি গণমাধ্যম খাতের সংশ্লিষ্টদের ‘নলেজ ইনভেস্টমেন্ট’ বা জ্ঞানভিত্তিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান, যাতে তারা দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। আরও উপস্থিত ছিলেন কোয়াব সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, এক্সপো আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদসহ গণমাধ্যম ও সম্প্রচার শিল্পের ঊর্ধ্বতন ব্যক্তিরা।
Leave a Reply