তিস্তা নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মানবিক ও সুষ্ঠু বিকাশের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, সেই পথে রাষ্ট্রব্যবস্থা কোনো বাধা নয়; বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, নারীরা আজ পরিবার, সমাজ এবং জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়ন খাতে নারীদের অংশগ্রহণ একটি ইতিবাচক পরিবর্তন আনছে।
তিনি পুনাকের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের সংগঠন নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা তৈরি করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করছে।
তিনি আরও বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ড যদি সমন্বিতভাবে এগিয়ে নেওয়া যায়, তাহলে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নারী উদ্যোক্তা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং বাজারজাতকরণ সহায়তা জরুরি। এতে নারীরা স্বনির্ভর হবে, পারিবারিক আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং দারিদ্র্য হ্রাস পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদসহ অনেকে। তারা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সবশেষে ডা. জুবাইদা রহমান পুনাকের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের নিরলস প্রচেষ্টা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply