তিস্তা নিউজ ডেস্ক
ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দর নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে। একই হারে ঢাকার বাইরেও প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা আগের বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
এ ছাড়া খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দাম সারা দেশে কার্যকর থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির পর চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকার এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। চামড়া সংরক্ষণের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। পাশাপাশি ব্যবসায়ী, মসজিদ ও মাদরাসার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় চামড়া সংরক্ষণ ও সংগ্রহের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “কোরবানির পর কোনো চামড়া যেন অপচয় না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে পারেন।”
সরকারের আশা, নতুন মূল্য নির্ধারণ, লবণ বিতরণ এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থা কার্যকর হলে এ বছর চামড়ার বাজার স্থিতিশীল থাকবে। এতে মৌসুমি ব্যবসায়ী, মসজিদ, মাদরাসা ও এতিমখানাগুলো ন্যায্য মূল্য পাবে এবং চামড়ার অপচয়ও কমবে।
Leave a Reply