তিস্তা নিউজ ডেস্ক
ঈদুল আজহার পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য পৃথক কোচ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই ঈদকে কেন্দ্র করে নারী যাত্রীদের জন্য পৃথক কোচ চালুর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে রোববার (২৪ মে) রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম ও সিলেট রুটে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ সংযুক্ত করা হয়েছে। এই উদ্যোগ সফল হলে ঈদের পর পর্যায়ক্রমে দেশের সব আন্তঃনগর ট্রেনে একই ব্যবস্থা চালু করা হবে।
রেলমন্ত্রী বলেন, বর্তমানে মেট্রোরেল সাড়ে চার মিনিট পরপর চলাচল করছে। নতুন কোচ যুক্ত করা সম্ভব হলে যাত্রীচাপ কমাতে ট্রেনের ব্যবধান আরও কমিয়ে আনা হবে। একইসঙ্গে প্রবীণ ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও বিশেষ ডিসকাউন্ট কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড় দেওয়া হতে পারে।
ঈদযাত্রা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। তাই যাত্রীদের নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যাত্রা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি টিকিট ছাড়া কিংবা অনিরাপদভাবে যাতায়াত না করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সড়কে এখনও পর্যাপ্ত সংখ্যক ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে। তবে ধাপে ধাপে এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সড়কে নিরাপদ পরিবহন নিশ্চিত করা হবে।
টাঙ্গাইলে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে চালকের ভুলের বিষয়টি সামনে এসেছে। তবে সড়ক ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি ছিল না বলেও দাবি করেন তিনি।
Leave a Reply