1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

জমকালো সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৮ Time View

জেলা প্রতিনিধি

ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে আলোচনায় উঠে আসা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে যেন শেষ মুহূর্তেও ছিল উৎসবের আমেজ। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম থেকে সোমবার (২৫ মে) বিকেলে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে বিদায় জানানো হয়।

খামারজুড়ে তৈরি করা হয় ব্যতিক্রমধর্মী এক পরিবেশ। বিদায়ের আগে মহিষটিকে গোসল করিয়ে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। পরে রঙিন পোশাক, আলোকসজ্জা ও কালার স্মোকের মধ্য দিয়ে লাল গালিচায় হাঁটিয়ে নতুন মালিকের কাছে তুলে দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’কে। পুরো আয়োজন দেখতে সকাল থেকেই খামারে ভিড় করেন উৎসুক মানুষ।

খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটির জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ শুধু একনজর দেখতে আসতেন। কেউ ছবি তুলেছেন, কেউ ভিডিও করেছেন, আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে মুহূর্তগুলো ছড়িয়ে দিয়েছেন। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ—সব বয়সী মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষটি।

এলভিনো জাতের এই মহিষটির চোখ, চুলের ধরন ও মুখাবয়বে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump-এর সঙ্গে মিল খুঁজে পান খামারের মালিকপক্ষ। পরে মজা করেই নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। সেই নামই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি।

প্রায় ৭০০ কেজি ওজনের বিশাল আকৃতির মহিষটি রাজধানীর জিঞ্জিরা এলাকার ব্যবসায়ী সামির কিনেছেন প্রতি কেজি ৫৫০ টাকা দরে। তবে বিক্রির পরও মানুষের আগ্রহ কমেনি। বিদায়ের দিন শেষবারের মতো দেখতে অনেকেই খামারে ছুটে আসেন।

বিদায়ের সময় খামারের মালিক ও কর্মচারীদের অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়। দীর্ঘদিন ধরে লালন-পালন করায় প্রাণীটির সঙ্গে তাদের এক ধরনের মায়া তৈরি হয়েছিল। খামারের এক কর্মচারী বলেন, “এত মানুষের ভালোবাসা পাওয়া কোনো কোরবানির পশু আমরা আগে দেখিনি। ‘ডোনাল্ড ট্রাম্প’ আমাদের কাছে পরিবারের সদস্যের মতো ছিল।”

জিয়াউদ্দিন মৃধা বলেন, কোরবানির পশুর প্রতি মানুষের এমন আবেগ তাদের অনুপ্রাণিত করেছে। ত্যাগের মহিমাকে গুরুত্ব দিয়েই মহিষটি বিক্রি করা হয়েছে, তবে এর স্মৃতি তারা কখনো ভুলবেন না।

অন্যদিকে ক্রেতা সামির জানান, মহিষটি ভাইরাল হওয়ার আগেই তিনি কিনেছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠায় তার এলাকাতেও এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’কে একনজর দেখার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV