ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রায় সারাদেশে ভয়াবহ সড়ক, রেল ও নৌ দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। ১৫ দিনের এই সময়ে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১ হাজার ৩৪০ জন।
রোববার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে।
যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়, ঈদুল আজহা ঘিরে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সড়ক দুর্ঘটনায়। ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪০২ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৯৪ জন।
একই সময়ে রেলপথে ৩১টি পৃথক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩০ জন আহত হন। নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ জন।
সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট দুর্ঘটনার সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২টি। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৩৮ জনের এবং আহত হয়েছেন ১ হাজার ৩৪০ জন।
সংগঠনটি বলছে, ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীচাপ, যানবাহনের বেপরোয়া গতি, অপ্রতুল নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে কাজ করেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিবছর ঈদকে কেন্দ্র করে যাতায়াত ব্যবস্থায় এমন প্রাণহানির ঘটনা জননিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নজরদারি বাড়ানো ও সড়ক ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply