প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুন) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় ওয়ারী থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত আবেদন মঞ্জুর করেন। আদালতের আদেশে তৌহিদ আফ্রিদিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পরে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ধাপে ধাপে বিনিয়োগে উৎসাহিত করা হয়।
প্রাথমিকভাবে কিছু টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর চক্রটি বড় অঙ্কের অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মুনাফাসহ টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি ওয়ারী থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এর আগেও গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং সংশ্লিষ্ট মামলার বিচারিক কার্যক্রম চলমান।
Leave a Reply