নিজস্ব প্রতিনিধি,
রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা ও দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল (১৯ ডিসেম্বর ২০২৫) শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন। এই রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এবং অনিবার্য পরিস্থিতির কারণে ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির আওতাধীন সকল অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ভাঙচুর চালানোর ঘটনাও ঘটে।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সেখানে মৃত্যুবরণ করেন।
শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে নতুন করে অনুষ্ঠানসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply