নিজস্ব প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় নীলফামারীর চারটি সংসদীয় আসনের প্রার্থী এবং অনুপস্থিত প্রার্থীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রিটার্নিং অফিসার নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রচারণা, পোস্টার-ব্যানার, সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলা অপরিহার্য।
তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী, সমর্থক ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
Leave a Reply