নিজস্ব প্রতিনিধি,
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত প্রবাহিত হচ্ছে, যা মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ ভবন এলাকায় লক্ষ করা গেছে।
জানাজায় অংশ নিতে আগতদের মধ্যে বিপুল সংখ্যক নেতা, দলীয় কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত। পাশাপাশি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায়ও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষকে দেখতে পাওয়া যায়। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
সকাল ৯টার কিছু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন এবং দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। পাশের ফিরোজা এলাকার বাসভবন এবং তারেক রহমানের আশপাশের এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএসএফ, পিজিআর, বিজিবি, পুলিশ এবং র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছিলেন। ২৩ নভেম্বর তিনি নিউমোনিয়া ও সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করছে।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply