নিজস্ব প্রতিনিধি,
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া বিএনপি নেতা মো. শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, গত ১২ জানুয়ারি রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাবলুকে আটক করা হয় এবং পরে তার দেয়া তথ্য অনুযায়ী ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে ডাবলু অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন এবং তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা নির্যাতনে মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। আইএসপিআর জানিয়েছে, তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply