নিজস্ব প্রতিনিধি,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) এ উপলক্ষে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি জানান, বুধবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
তবে সংবাদ সম্মেলন স্থগিতের সুনির্দিষ্ট কারণ কিংবা পরবর্তী কর্মসূচির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে শেষ মুহূর্তের আলোচনা ও সমন্বয়ের প্রয়োজন দেখা দেওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত করা হতে পারে।
Leave a Reply