নিজস্ব প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিয়ের আনন্দ কেটে গেছে মামলার জটিলতায়, যখন বর রায়হান কবির অভিযোগ করেন, বিয়ের আগে যাকে দেখানো হয়েছিল, বিয়ের রাতে উপস্থিত নববধূ তিনি নন। বিষয়টি সমাজে আলোড়ন সৃষ্টি করেছে।
গত বছরের ১ আগস্ট রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকার জিয়ারুল হকের মেজো মেয়ের সঙ্গে পীরগঞ্জ উপজেলার মৃত ইব্রাহীমের ছেলে রায়হান কবিরের বিয়ে হয়। বিয়ের রাতেই বর ও তার পরিবার কনে বদলের অভিযোগ তোলে। মীমাংসার জন্য একাধিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে কনের বাবা রায়হান ও তার দুলাভাইকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। পাল্টা হিসেবে রায়হান কনের বাবা ও ঘটকের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
সোমবার (১৯ জানুয়ারি) আদালত রায়হান কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর ও তার পরিবারের অভিযোগ, অতিরিক্ত মেকআপের কারণে বিয়ের রাতে বিষয়টি বোঝা যায়নি। বাসর রাতে মুখ ধোয়ার পর রায়হান বুঝতে পারেন, তাকে অন্য কনেকে দেওয়া হয়েছে।
কনের বাবা ও ঘটক অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, মেয়েটিকে ছেলেপক্ষ বাড়িতে গিয়ে দেখেছে এবং কনে বদলের অভিযোগ ভিত্তিহীন। আদালতের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply