নিজস্ব প্রতিনিধি,
উত্তরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই মেগা প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেন। তিনি বলেন, এটি শুধু একটি হাসপাতাল নয়; বরং দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবায় একটি কৌশলগত বিনিয়োগ, যা ভবিষ্যতে আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র বা ‘রিজিওনাল হাব’ হিসেবে গড়ে উঠবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নযোগ্য এই প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ১৭৯ কোটি ২৭ লাখ টাকা প্রদান করবে এবং বাকি বড় অংশ আসবে চীনা সরকারের অনুদান সহায়তা হিসেবে। উল্লেখ্য, গত বছরের মার্চে চীন সফরকালে ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল স্থাপনের অনুরোধ জানান। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই চীন সরকার এই প্রকল্পে সহায়তায় সম্মতি দেয়।
প্রকল্পের নকশা অনুযায়ী নীলফামারী সদর উপজেলায় একটি আধুনিক ১০ তলা মূল হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। এখানে সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি, অর্থোপেডিকস এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির মতো জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা বিভাগ চালু থাকবে। এ ছাড়া রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, আধুনিক অপারেশন থিয়েটার এবং উন্নত ডায়াগনস্টিক সুবিধা রাখা হবে, যা বর্তমানে উত্তরাঞ্চলের জেলা হাসপাতালগুলোতে সীমিত।
হাসপাতাল কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক ডরমেটরি, ১০ তলা বিশিষ্ট ডক্টরস কোয়ার্টার, ডিরেক্টরস বাংলো এবং কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এতে দক্ষ জনবল ধরে রাখা এবং মানসম্মত সেবা নিশ্চিত করা সহজ হবে।
একনেক সভায় প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা ও রংপুরকেন্দ্রিক হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ জরুরি। নীলফামারীর এই হাসপাতাল সে লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আশাবাদ প্রকাশ করেন, হাসপাতালটি চালু হলে নেপাল ও ভুটানসহ পার্শ্ববর্তী দেশের রোগীরাও এখানে চিকিৎসা নিতে আসবেন, যা আঞ্চলিক সহযোগিতা ও মৈত্রী জোরদার করবে।
বর্তমানে নীলফামারী ও আশপাশের জেলায় প্রায় ২১ লাখ মানুষের বসবাস হলেও প্রয়োজনীয় শয্যা ও বিশেষজ্ঞ সেবার ঘাটতি রয়েছে। এই হাসপাতাল চালু হলে দীর্ঘ ভ্রমণজনিত ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কমবে। পাশাপাশি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ৮৯৩ জন চিকিৎসক, ১ হাজার ১৯৭ জন নার্স এবং ১ হাজার ৪১০ জন অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হবে, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে বড় অবদান রাখবে।
Leave a Reply