নিজস্ব প্রতিনিধি,
উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্প অনুমোদন পেয়েছে। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় এই প্রকল্পকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ২,৪৫৯.৩৫ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ১৭৯.২৭ কোটি টাকা এবং বাকি অংশ চীনের অনুদান।
গত বছরের মার্চে চীন সফরকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে একটি উন্নত হাসপাতাল স্থাপনের জন্য অনুরোধ করেন। চীনের সহযোগিতায় দ্রুততার সঙ্গে প্রকল্পটি গ্রহণ করা হয়।
প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলায় ১০ তলা হাসপাতাল ভবন, চিকিৎসক ও নার্সদের ডরমেটরি, ডিরেক্টরস বাংলা, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে। হাসপাতালটি সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি প্রভৃতি বিশেষায়িত বিভাগে সেবা প্রদান করবে। এছাড়া আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং অপারেশন থিয়েটার থাকবে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “এই হাসপাতাল শুধুমাত্র অবকাঠামো নয়, এটি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের একটি কৌশলগত বিনিয়োগ। রংপুর ও ঢাকা-কেন্দ্রিক হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ কমাতে বিকেন্দ্রীকরণ জরুরি। নীলফামারীর এই হাসপাতাল সেই লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি শুধু দেশের নয়, দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নেপাল ও ভূটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর রোগীরাও এখানে উন্নত চিকিৎসা সেবা পাবেন।”
হাসপাতালটি চালুর মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ৮৯৩ জন চিকিৎসক, ১,১৯৭ জন নার্স এবং ১,৪১০ জন অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হবে, যা স্থানীয় অর্থনীতি ও স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি করবে।
জেলায় বর্তমানে স্বাস্থ্যসেবা মূলত ২৫০ শয্যাবিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সীমাবদ্ধ। নতুন হাসপাতাল স্থাপনের মাধ্যমে শতাধিক গুরুতর রোগীকে রংপুর বা ঢাকা যাওয়ার ঝুঁকি ও ব্যয় কমানো সম্ভব হবে। এছাড়া হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ এবং মাতৃ ও নবজাতক জটিলতায় উন্নত চিকিৎসা নিশ্চিত হবে।
প্রকল্প বাস্তবায়িত হলে নীলফামারী জেলায় আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার একটি শক্তিশালী কেন্দ্র গড়ে উঠবে এবং অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত হবে।
Leave a Reply