তিস্তা নিউজ ডেস্ক:
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে জানান, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের ফলে তুলনামূলক কম সময়ের মধ্যেই তা দেশে পৌঁছানো সম্ভব হবে।
বিপিসি সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন খরচ কমবে এবং সময়ও উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।
এর আগে এই পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা-র কাছে আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নুমালিগড় রিফাইনারি থেকে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির একটি চুক্তিও রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ঢাকা–দিল্লি সম্পর্কের টানাপড়েনের কারণে এই প্রক্রিয়া কিছুদিন স্থগিত ছিল।
এই আমদানি কার্যক্রম বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বহন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাকি অর্থ ব্যাংক ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে।
Leave a Reply