তিস্তা নিউজ ডেস্ক
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। এটি সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকারের আদালতে দায়ের করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে পবিত্র জুমার নামাজের খুতবার আগে আলোচনার সময় আমির হামজা বিদ্বেষমূলক বক্তব্য দেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘আপাদমস্তক ইসলাম বিদ্বেষী’ হিসেবে জনসমক্ষে অভিহিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানি শেষ হয়েছে এবং বর্তমানে এটি আদেশের জন্য অপেক্ষমাণ। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্য এবং জনপ্রিয় বক্তা হওয়ায় এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক মর্যাদা ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয় এবং আন্তর্জাতিকভাবে তার মানহানি ঘটে। অভিযোগে বলা হয়েছে, এতে ১০০ কোটি টাকার সম্মানহানি হয়েছে।
মামলায় দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধের এ প্রসঙ্গে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ডব্লিউ-এ) জারি করার আবেদন করা হয়েছে।
Leave a Reply