তিস্তা নিউজ প্রতিবেদন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থাকবে কিনা সে সিদ্ধান্ত সরকারের বলে জানিয়েছেন বাহিনীটির নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (৫ এপ্রিল) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, গত দেড় বছর যেভাবে বাহিনীটি পরিচালিত হয়েছে, সেই ধারা অব্যাহত রাখা গেলে র্যাবের ভাবমূর্তি ঠিক থাকবে। অতীতে কিছু কর্মকাণ্ডের কারণে নিষেধাজ্ঞা এলেও বর্তমান কার্যক্রমের মাধ্যমে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
র্যাব বিলুপ্তির বিষয়ে দেশি-বিদেশি চাপ প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ সরকারের নীতিগত বিষয়। বাহিনীর দায়িত্ব হচ্ছে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা।
ক্রসফায়ারের নথি তলব ও তদন্ত প্রসঙ্গে তিনি জানান, বিচারিক কোনো সংস্থা সহযোগিতা চাইলে র্যাব তা প্রদান করবে। “আমাদের কাছে যা তথ্য আছে, আমরা তা দেবো। কোনো তথ্য না থাকলে সেটিও জানিয়ে দেওয়া হবে,” বলেন তিনি। তবে এখনো এ বিষয়ে কোনো ট্রাইব্যুনাল যোগাযোগ করেনি।
অতীতে র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কার্যক্রমে বড় ধরনের অনিয়মের নজির কম। সঠিকভাবে পরিচালিত হলে র্যাব ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম।
জলদস্যুতা ও বিচ্ছিন্নতাবাদ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সন্ত্রাসবাদ মোকাবেলায় র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
কিশোর গ্যাং প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ সমস্যা ক্রমেই বাড়ছে। পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে, তবে কিশোরদের আইনের আওতায় আনা অনেক সময় চ্যালেঞ্জিং। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
র্যাবের নাম পরিবর্তন বা পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের কিছু বিচ্যুতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রুটি সংশোধন করা গেলে ভবিষ্যতে এ ধরনের নিষেধাজ্ঞা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, গত ৯০ দিনে প্রায় ৩০০ অস্ত্র উদ্ধার এবং ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Leave a Reply