তিস্তা নিউজ প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সাশ্রয়ে নেওয়া সিদ্ধান্তে আংশিক পরিবর্তন এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশজুড়ে দোকানপাট ও শপিংমল এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে, যা আগে নির্ধারিত ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে গত ৩ এপ্রিল জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সব ধরনের মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে ব্যবসায়ীদের অনুরোধ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় সেই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সময় বাড়ানোর দাবিতে তারা সরকারের সঙ্গে বৈঠক করেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সরকারি সূত্রে জানা গেছে, দেশের মোট জ্বালানির প্রায় ৮০ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস খোঁজার উদ্যোগ নিয়েছে সরকার।
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময়েও পরিবর্তন আনা হয়েছে। সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম শেষ হবে বিকাল ৩টায় এবং ব্যাংক বন্ধ হবে বিকাল ৪টায়।
Leave a Reply