তিস্তা নিউজ ডেস্ক
জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে বাংলাদেশের জন্য ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সংসদ সচিবালয় থেকে এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাসের অনলাইন সম্মেলনে অংশ নিয়ে তিনি এ সহায়তার আহ্বান জানান।
সম্মেলনে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, সরবরাহ সংকট এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে উন্নয়নশীল দেশগুলো বড় ধরনের চাপের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত সহযোগিতা ছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।
এই অনলাইন সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র (আরওকে), অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, অংশগ্রহণকারী দেশগুলো ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও গুরুত্বপূর্ণ শিপিং রুটে অনিশ্চয়তার কারণে তেলের সরবরাহ ও দাম ওঠানামা করছে, যার প্রভাব আমদানিনির্ভর দেশগুলোর ওপর পড়ছে।
বাংলাদেশেও এই পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে চাপ তৈরি হয় এবং আমদানি ব্যয় বৃদ্ধি পায়। সরকার পরিস্থিতি মোকাবিলায় সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং জ্বালানি ব্যবস্থাপনায় নজরদারি জোরদার করেছে।
Leave a Reply