1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ইউনূস সরকারের সময় টিকা ফান্ড বন্ধ, কী বললেন তাসনিম জারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

তিস্তা নিউজ ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় টিকার সেক্টরাল প্রোগ্রামের ফান্ড হঠাৎ বন্ধের ঘটনায় সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা। রোববার (১৯ এপ্রিল) রাতে দেওয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান এবং একই সঙ্গে স্বাস্থ্য, জ্বালানি, অর্থনীতি ও সংসদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।

পোস্টে তিনি বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব জনগণের স্বার্থে কথা বলা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

তাসনিম জারা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় সেক্টরাল প্রোগ্রামের ফান্ড হঠাৎ বন্ধ করে দেওয়ার কারণে সিরিঞ্জ সংকটে এমআর টিকাদান ক্যাম্পেইন ব্যাহত হয়েছিল। এই সিদ্ধান্তগুলোর দায় নির্ধারণে সংসদীয় তদন্ত হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর রিয়েল-টাইম ড্যাশবোর্ড না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে এবং ১৫ মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ১৮ হাজারের বেশি সন্দেহজনক কেস ও ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে ছড়িয়ে পড়েছে।

তিনি জ্বালানি খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তেল সরবরাহে অস্থিরতা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ এবং দামের বৈষম্যের বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, কৃষকদের জন্য বিশেষ করে বোরো মৌসুমে আলাদা প্রাধান্য ব্যবস্থা থাকা উচিত। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী এবং স্পট মার্কেট নির্ভরতা কমানোর কৌশল কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং পলিসি রেটের বর্তমান অবস্থান নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চান। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্যে তিনি বলেন, মব কালচারের বিরুদ্ধে ঘোষণা দেওয়া হলেও মব হামলা থামছে না, যা উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সবশেষে তাসনিম জারা বলেন, সংসদের কাজ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সরকারের প্রতিটি খাতের জবাবদিহিতা নিশ্চিত করা। এজন্য সংসদ সদস্যদের সক্রিয়ভাবে প্রশ্ন তোলা এবং তথ্য-ভিত্তিক আলোচনা করার ওপর তিনি জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV