তিস্তা নিউজ ডেস্ক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টায় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির উপস্থিত ছিলেন।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ, গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করে জার্মান পক্ষ।
বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও জনগণের গণরায়ের প্রতি দায়বদ্ধ। তিনি আরও বলেন, জামায়াত গুণগত পরিবর্তন ও রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, যাতে দেশে ভবিষ্যতে আর একদলীয় শাসন ফিরে না আসে।
এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে উভয়পক্ষ গঠনমূলক আলোচনা করে। একই সঙ্গে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।
Leave a Reply