তিস্তা নিউজ ডেস্ক
জাতীয় সংসদ সদস্যদের (এমপি) জন্য দীর্ঘদিন ধরে প্রচলিত শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে নতুন আইন পাস করেছে জাতীয় সংসদ। রোববার (২৬ এপ্রিল) কণ্ঠভোটে ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ পাস হয়।
বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বিল পাসের ফলে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের আর্টিকেল থ্রি-সি বিলুপ্ত হলো, যার মাধ্যমে এতদিন এমপিরা শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনি সুবিধা পেতেন।
বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হয়েও শুল্কমুক্ত গাড়ি আমদানি করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি সাধারণ করদাতা নাগরিকদের সঙ্গে বৈষম্য তৈরি করে। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সামাজিক সমতা নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই ধরনের বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করা সময়োপযোগী সিদ্ধান্ত।
বিরোধীদলীয় সাংসদ নাজিবুর রহমান বিলটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুল্কমুক্ত গাড়ি সুবিধার প্রচলন বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল আগেই এ ধরনের সুবিধা গ্রহণ না করার ঘোষণা দিয়েছিল।
তিনি আরও মত দেন, বিলের ব্যাখ্যামূলক অংশে বিরোধীদলীয় নেতার মতামত বা ভূমিকার উল্লেখ থাকা উচিত ছিল।
জবাবে আইনমন্ত্রী বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতার দৃষ্টিভঙ্গিতে প্রস্তুত করা হয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে বিরোধীদলীয় মতামত অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি নেই।
কোনো সংশোধনী ছাড়াই বিলটি কণ্ঠভোটে পাস হয় এবং উপস্থিত সদস্যদের বিপুল সমর্থন পায়। এর মাধ্যমে এমপিদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধার আনুষ্ঠানিক অবসান ঘটল।
Leave a Reply