1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সারাদেশের বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

তিস্তা নিউজ ডেস্ক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় জারি করা নিরাপত্তা সতর্কতার প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা জারি করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা এবং সম্প্রতি গ্রেপ্তার হওয়া কয়েকজন সদস্যের কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়া গোয়েন্দা প্রতিবেদনে বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনার ইঙ্গিতও পাওয়া গেছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই পরিস্থিতিতে বিমানবন্দরসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে, নিরাপত্তা চৌকি শক্তিশালী করা হয়েছে এবং সন্দেহভাজনদের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV