1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

দেশের কয়েক জেলায় দুপুর নাগাদ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

তিস্তা নিউজ ডেস্ক

দেশের অন্তত ৯টি অঞ্চলে আজ দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে, যার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও থাকতে পারে। এতে নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সাবধানে চলাচল এবং প্রয়োজন ছাড়া নদীতে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে, যা বিশেষ করে খোলা স্থান ও নদীপথে অবস্থানকারীদের জন্য বিপজ্জনক হতে পারে।

অন্যদিকে, আগের রাতের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে স্বল্প সময়ের জন্য জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, মৌসুম পরিবর্তনের এ সময়ে কালবৈশাখী ধরনের ঝড়ের প্রবণতা বেড়ে যায়। তাই বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নদীপথে চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV